On Stands 4 June ’13
ক্রিকেট কেলেঙ্কারির নানা খবরে রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। তিনি নাকি যেখানেই যাচ্ছেন সেখানেই একই আলোচনা শুনছেন। তাই বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গিয়েছে দীপের। দীপের মতে, ক্রিকেট বরাবরই ভালবেসে খেলেছি। দেখেছি ক্রিকেট নিয়ে মানুষের কত উন্মাদনা। দীপ মনে করেন দিনের শেষে যে সব দর্শক টিকিট কেটে মাঠে খেলা দেখতে আসেন তাদের মতামতই গুরুত্বপূর্ণ। বারবার ক্রিকেট নিয়ে কেলেঙ্কারিতে সেই ক্রিকেটপ্রেমীদের বিশ্বাসভঙ্গ হয়েছে। তাই ক্রিকেটের প্রতি ভালবাসা যাদের নেই তাদের অন্তত সেইসব মানুষদের কথা ভাবা উচিত্। বেচারা দীপ! এখনও এই বেটিং কাণ্ডের আরও খবর প্রকাশ হলে ওঁর যে কী হবে!
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি দিনে-দিনে পরিবেশ বিশেষজ্ঞ হয়ে উঠছেন! মোটের উপর তাঁর টিমমেটদেরও তাই মত। কিন্তু ব্যাপারটা কী? সদ্য হেরেছেন আইপিএল। আর তার জন্য নাকি প্যাচপ্যাচে গরম আর খারাপ আবহাওয়াকেই দায়ী করেছেন তিনি। এবার ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগেই ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে বিস্তর পড়াশোনা করে ফেলেছেন তিনি। এখন নাকি বাইরে কোথাও খেলতে যাওয়ার হলেই প্রত্যেক টিম সদস্যকে কী পরতে হবে বা কী খেতে হবে সেই নিয়ে জ্ঞান দিচ্ছেন ক্যাপ্টেন। অনেকেই মজা করে বলছেন আইপিএলে হার আর বেটিং সমস্যার চাপে মাথাটাই বিগড়েছে ক্যাপ্টেনের।
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! কিছুদিনের জন্য কলকাতা ছাড়লেও কলকাতার ফুটবলকে ছাড়তে হচ্ছে না টোলগে ওজ়বেকে। দলবদলের আগেই এই অস্ট্রেলিয় স্ট্রাইকারকে দলে নিল মহামেডান। নতুন ক্লাবের সঙ্গে সইসাবুদও করা হয়ে গিয়েছে টোলগের। আপাতত কিছুদিনের বিশ্রাম। তাই বান্ধবী সেরাপের সঙ্গে নিজের জন্মভূমি অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন এই বিতর্কিত ফুটবলার। তবে যাওয়ার আগে বলে গিয়েছেন যে, এবার আর বিতর্ক নয়। বুঝেশুনে পা ফেলবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে মোহনবাগানে টোলগের পারফরম্যান্স বেশ খারাপ ছিল। তাঁকে ‘সাদা হাতি’ বলে ঠাট্টাও করা হয়েছিল। বিতর্কের জেরেই দল ছেড়ে টোলগে এখন মহামেডানে।

